যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের জামতলায় প্রাইভেটকার দুর্ঘটনায় রিপন হোসেন (৩০) নামে এক যুবক নিহত ও তিনজন আহত হয়েছে।
শুক্রবার (২৮ শে জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন ঝিকরগাছা উপজেলার স্বরণপুর গ্রামের সদ্য নির্বাচিত মেম্বর মিজানুর রহমানের ছেলে।
দুর্ঘটনায় ঝিকরগাছার মোবারকপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান আশা (৩৫), একই উপজেলার কানারালি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাজমুল ইসলাম (৩০) ও পথচারী শার্শার সামটা গ্রামের জাহাঙ্গীর আলম (৪০) আহত হন। তাদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে প্রাইভেটকারটি সাতক্ষীরা যাওয়ার পথে একটি ট্রাককে পাশ কাটিয়ে আগে উঠতে গেলে এক পথচারী গাড়ীর সামনে পড়ে।
চালক ওই পথচারীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা মারে। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায় ও চারজন হতাহত হন।
নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, ভোরে শার্শার জামতলা নামক স্থানে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনা স্থলেই রিপন নামে এক যাত্রী মারা গেছে। এ ঘটনায় চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।