মুন্সিগঞ্জে এক চেয়ারম্যানের বিরুদ্ধে ১০টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের চেষ্টার অভিযোগে মানববন্ধন।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখাঁনে এক চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ টি ভূমিহীন পরিবারকে জোরপূর্বক উচ্ছেদের চেস্টার অভিযোগ এনে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সহ স্থানীয় গ্রামবাসী।

বুধবার দুপুরে জেলার সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিভোগ এলাকায় বেলা সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্থানীয় চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু ও তার ভাই লুৎফর রহমানের যোগসাজশে ইউনিয়নটির ভাটিম ভোগ এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসা ভূমিহীন ১০টি পরিবারে বসতবাড়িসহ আর এস ৫৩৬ এস এ ১৫৭ দাগের ৮৫ শতাংশ ও আর এস ৫৬৫ এস এ ৭০৩ দাগের ৫৮ শতাংশসহ মোট এক একর ৪২ শতাংশ কৃষি জমি উচ্ছেদের মাধ্যমে দখলের চেষ্টা চলছে।

এতে স্থানীয় প্রভাবশালীদের বিভিন্ন হুমকি ও চাপের মুখে পড়ে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছে এসব ভূমিহীন পরিবারের সদস্যরা।

এসব বিষয়ে একাধিক বার উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হলেও এ ব্যাপারে সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ তাদের। ফলে ভূমিহীন এসব পরিবারের একমাত্র আয়ের পথ কৃষি জমি ও বসতভিটা রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জৈনসার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন,আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আর প্রতিপক্ষ ষড়যন্ত্র করছে। আমি এই জমি দখলের সাথে কোনো ভাবেই জড়িত না। আমি যে ওয়ারিশ সার্টিফিকেট দিয়েছি সেটি ভালো করে তদন্ত করেই দিয়েছি।