স্টাফ রিপোর্টার:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে মালখানগর ইউনিয়ন উপজেলার মানুষের কাছে অধিক পরিচিত। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদের বাড়ী এ ইউনিয়নে হওয়ায় বিশেষ করে রাজনৈতিক দলের লোকজনের কাছে এ ইউনিয়নটি বেশীর ভাগ ক্ষেত্রে প্রাধান্য পেয়ে থাকে।
ইউনিয়নটির যেমন রাজনৈতিক দিক দিয়ে যেমন সুনাম রয়েছে তেমনি মাদক ( মিথাইল এ্যামফেটামিন যুক্ত কথিত ইয়াবা ট্যাবলেট) কারবারিদের জন্য দূর্ণামও কম নয়। উপজেলার অন্যান্য ইউনিয়ন সমূহে নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেলেও এ ইউনিয়ের চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনি প্রচার প্রচারণায় মুখোর হয়ে উঠেছে চারপাশ। গনসংযোগ, উঠান বৈঠক ও সভা সমাবেশের মধ্যে ইউনিয়নটিতে জমে উঠেছে নির্বাচনী আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনেও চলছে মালখানগরের নির্বাচনী আমেজের চর্চা। কে হবেন এ ইউনিয়নের চেয়ারম্যান এ নিয়েও নানা জল্পনা কল্পনার কমতি নেই। মালখানগর ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনীত একজন ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৬ জন। এর মধ্যে বর্তমান চেয়ারম্যান সানজিদা আক্তার জোৎস্না দলীয় (নৌকা)।
সানজিদা আক্তার জোৎসনা উপজেলা আওয়ামী লীগের সভাপতির মহিউদ্দিন আহমেদের স্ত্রী। ফলে রাজনৈতিক প্রভাব কাজ করছে নৌকা প্রতিকের পক্ষে। অপরদিকে প্রতিদ্বন্দী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান মৃধা স্বতন্ত্র (বিদ্রোহী) (মোটর সাইকেল)।
স্থানীয়রা বলছেন, আনিছুর রহমান মৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ায় বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গুলোতে তার রয়েছে শক্তিশালী অধিপত্য।
মোটর সাইকেল প্রতীকের প্রার্থী মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান মৃধা অভিযোগ করে বলেন,
আমার লোকজনদের ডেকে নিয়ে আমার প্রচারনায় অংশ নিতে নিষেধ করা হচ্ছে। তাদের বাধ্য করা হচ্ছে নৌকার পক্ষে নির্বাচন করতে। নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন সরকারী গাড়ী ব্যবহার করে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, বহিরাগত লোকজন নিয়ে নৌকার প্রচারণা চালানো হচ্ছে।
ফলে মালখানগর ইউনিয়নের ভোটারদের মাঝে আতংক বিরাজ করছে। এলাকার মানুষ বহিরাগত সন্ত্রাসী মুক্ত মালখানগর ইউনিয়ন দেখতে চায়।
এছাড়া ইউনিয়নের মানুষ পরির্তনের পক্ষে।
এবারের নির্বাচনে নতুন করে ভাবছে। এই ভোট ব্যাংক কাজে লাগাতে চাইছে অন্য সব নতুন প্রার্থীরাও। অন্য প্রার্থীরা হচ্ছেন, সূর্যসেনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ মামুন (অটো রিকশা), বিল্লাল হোসেন (আনারস), ইসলামী আন্দোলনের আমির হোসেন (হাতপাখা), হাজি তসলিম উদ্দিন শেখ (ঘোড়া) প্রতীকে নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
অটো রিকশা প্রতীকের প্রার্থী সূর্যসেনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ মামুন অভিযোগ করে বলেন, আমার লোকজনকে হুমকি দেওয়া হচ্ছে। কে হুমকি দিচ্ছে জানতে চাওয়া হলে তিনি কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
মালখানগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতিকের প্রার্থী সানজিদা আক্তার জোৎস্না অভিযোগ অস্বীকার করে বলেন,এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। প্রচারণায় সরকারী গাড়ী ব্যবহারের বিষয় জানতে চাইলে তিনি বলেন আপনারা সরেজমিনে এসে লোকজনের কাছে জিজ্ঞেস করে দেখেন প্রচারণায় গাড়ী ব্যবহার হচ্ছে কিনা।
নির্বাচন এলে এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে বলবে এটাই স্বাভাবিক। সরেজমিন নির্বাচনী এলাকা ঘুড়ে জানাগেছে,এই ইউনিয়নে ৩ বার চেয়ারম্যান ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
মহিউদ্দিন আহমেদ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হলে তার ছেড়ে দেয়া ইউনিয়ন পরিষদে স্ত্রী সানজিদা আক্তার জোৎস্না দুবার চেয়ারম্যান নির্বাচিত হন। ফলে দীর্ঘদিন এই পরিবারের হাতেই মালখানগর ইউনিয়নের শাসনভার চলছে।