লৌহজংয়ে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মতবিনিময় সভা

লৌহজং মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও নির্বাচন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা প্রাঙ্গণে রবিবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থীদের আচরণবিধির বিষয়ে অবগত করা হয়। সে সাথে আল্টিমেটাম দেওয়া হয় কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবদুল আউয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অবঃ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ এনামুল আহসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ, লৌহজং থানার ওসি মাসুদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহম্মেদ, রির্টানিং কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, আব্দুস সালাম, মাসুদুর রহমান, লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপ সারাদেশের ন্যায় নির্বাচন অনুষ্ঠিত হবে লৌহজং উপজেলায়। উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে মেদিনী মন্ডল, কুমারভোগ, হলদিয়া ও গাওদিয়ায় বিনাপ্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়। কনকসার, বেজগাও, বৌলতলী, খিদিরপাড়া, কলমায় চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ৫টি ইউনিয়নে ১৯ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে। সে সাথে ৯টি ইউনিয়নে মহিলা সংরক্ষিত আসনে ৮৮জন ও সাধারণ সদস্য ২৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। উপজেলায় ১ লাখ ৪৬ হাজার ৮৪৫ জন ভোটার রয়েছে।