নিজস্ব প্রতিবেদকঃ
পদ্মা সেতুর পিলারের স্প্যানের সঙ্গে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগার খবরটি অসত্য। একই সঙ্গে ধাক্কা লাগার কারণে ফেরির মাস্তুল ভেঙে যাওয়ার খবরও সত্য নয়। আজ মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটে শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে খবর ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া মেরিন মো. আহম্মেদ আলি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘পদ্মা সেতুর পিলারের স্প্যানের সঙ্গে সামান্য ধাক্কা লেগেছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের- এটি মিথ্যা। এতে ফেরিটির মাস্তুল ভেঙে গেছে সেটিও মিথ্যা। আসলে ধাক্কা লাগার বিষয়টি গুজব।
তিনি জানান, মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে পাটুরিয়া যাচ্ছিল ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। সকাল ৭টা ১০ মিনিটে মাওয়া প্রান্তে সেতু অতিক্রম করার সময় সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে স্প্যানের কাছে গেলে মস্তুলটি আটোমেটিক নামানো হয়।
এর আগে গত ১৩ আগস্ট সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি। তারও আগে ৯ আগস্ট একই পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ ছাড়া আরও দুবার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করেছে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই ফেরি ১৬ ও ১৭ নম্বর পিলারে আঘাত করে। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।