নিজস্ব প্রতিবেদকঃ
ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে আরও একটি লড়াই আসছে—এমন হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দলীয় কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে এক পথসভায় অংশ নিয়ে তিনি বলেন, “গোপালগঞ্জে হামলা হয়েছে, কিন্তু আরও ১০ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে মুন্সীগঞ্জবাসীকে পাশে চাই।”
নাহিদ ইসলাম, নদীভাঙন, অবৈধ বালু উত্তোলন ও দখলসহ স্থানীয় নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, “পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।”
সভায় উপস্থিত ছিলেন এনসিপির গুরুত্বপূর্ণ নেতা সারজিস। তিনি বলেন, “এই দেশ এখনো পুরোপুরি স্বাধীন হয়নি। ফ্যাসিবাদ নির্মূল না হলে প্রকৃত স্বাধীনতা আসবে না। শুধু গোপালগঞ্জে নয়, যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে, সেখানেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।”
বিদেশে অবস্থানরত হত্যার পরিকল্পনাকারীদের দেশে এনে আইনের আওতায় আনার দাবি জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, “হাসিনার বিচার করতে হবে। তার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই।”
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সভায় বলেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবিলা করতে হবে। নেতা নির্ভর নয়, নীতি নির্ভর রাষ্ট্র গড়তে হবে।”
তিনি আরও জানান, আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র আদায়ের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, “ভবিষ্যতের নির্বাচনে প্রবাসীরা যেন ভোট দিতে পারে, তা আমরা নিশ্চিত করব।”
পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। এর আগে মুন্সীগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা সুপার মার্কেটের শহীদ চত্বরে এসে যোগ দেয়।