রুবেল মাদবর,মুন্সীগঞ্জ-
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, ভূমি শুধু জমি নয়, এটি মানুষের ইতিহাস, সংস্কৃতি ও ভবিষ্যতের ভিত্তি। জমি কেনাবেচা, নামজারি, রেজিস্ট্রেশন, উত্তরাধিকার ও ভূমি উন্নয়ন করসংক্রান্ত বিষয়ে সঠিক জ্ঞানের অভাবে সাধারণ মানুষ প্রায়ই হয়রানি ও প্রতারণার শিকার হন। এ কারণে প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে।
মেলায় ই-নামজারি আবেদন গ্রহণ, ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইন খতিয়ান যাচাই, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক পরামর্শ প্রদানের জন্য বিভিন্ন সেবা বুথ স্থাপন করা হয়েছে। দিনব্যাপী এসব বুথে সেবা নিতে আগত মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনসচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া মেলায় কুইজ প্রতিযোগিতা, প্রশিক্ষণ কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা আয়োজন ও জনসম্পৃক্ততার মধ্য দিয়ে টঙ্গীবাড়িতে “ভূমিসেবা মেলা-২০২৬” উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।


