কিছু প্রশ্ন দিবানিশি মনে হয় উত্তর পাওয়া অতটা সহজ নয়।
কবিঃ আঞ্জুমান আরা স্নিগ্ধা,
পাশাপাশি বাস করেও সহস্র বছর
জানেনা কেউ কারো মনের খবর
দায়িত্বের দায় শুধু বয়ে চলে মন
সাথে অপেক্ষা মৃত্যুর আগমন।।
যেন স্বর্গের অপ্সরী ছুঁয়ে দিলে
সব অভিমান মন যাবে ভুলে
তাই শুধুই অপেক্ষা করে জীবন
কবে আসবে সেই মাহেন্দ্রক্ষণ।।
ব্যর্থতা সময়ের নাকি তার
ভাবে মন সে কথায় বার বার
কেন মানুষ এত অকৃতজ্ঞ হয়
সৃষ্টি নাকি স্রষ্টা কে নেবে এর দায়।
কিছু প্রশ্ন দিবানিশি মনে হয়
উত্তর পাওয়া অতটা সহজ নয়
অস্থির মন তবু খুঁজে অকারণ
কোথা গেলে মিলবে এ সমীকরণ।
নেই কারো প্রতি কোন অভিযোগ
দুর্বল চিত্ত করেনা আজ অনুযোগ
অক্ষমতায় নাকি অপারগতায় সে নিরব
খোঁজে স্বান্তনা মন দেবে সব প্রতিদান তার রব।